বিশ্বের বিভিন্ন দেশ অফিসে চার দিনের কর্মসপ্তাহ পরীক্ষামূলকভাবে চালু করেছিল। এখনো কোনো কোনো দেশে এ ব্যবস্থার ট্রায়াল চলছে। এক বছর আগে সবচেয়ে বড় ট্রায়াল চালিয়েছিল যুক্তরাজ্য। এক বছর পরে এসেও ট্রায়ালে অংশ নেওয়া দেশটির অধিকাংশ প্রতিষ্ঠান এখনো কর্মীদের জন্য চার দিনের কর্মসপ্তাহ চালু রেখেছে। শুধু তা–ই নয়, অর্ধেকের বেশি প্রতিষ্ঠান এই পরিবর্তনকে স্থায়ী করেছে।
২০২২ সালের জুন থেকে ডিসেম্বর—এই ছয় মাস যুক্তরাজ্যের অফিসে চার দিনের কর্মসপ্তাহ পরীক্ষামূলকভাবে চালু হয়। এতে ৬১টি সংস্থার কর্মীরা অংশ নেন। সপ্তাহে কম দিন কাজ করলেও তাঁদের বেতনে কোনো হেরফের হয়নি।
ট্রায়ালের আয়োজক প্রতিষ্ঠানের প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে ট্রায়ালে অংশ নেওয়া সংস্থাগুলোর মধ্যে অন্তত ৮৯ শতাংশ সংস্থা এখনো চার দিনের কর্মসপ্তাহ চালু রেখেছে। অন্তত ৪১ শতাংশ সংস্থা ২০২৩ সালের শেষের দিকে চার দিনের কর্মসপ্তাহকে স্থায়ী করেছে। আর দুটি সংস্থা আয়োজক সংস্থার গবেষণায় এ ব্যাপারে কোনো সাড়া দেয়নি।



