বিশ্বজুড়ে বাড়ছে বেটিং প্রতিষ্ঠানগুলোর দাপট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পরিধি বাড়ায় পথ আরও সহজ হয়েছে প্রতিষ্ঠানগুলোর। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টই এখন তাদের দখলে। আইপিএলসহ বিশ্বের অন্যান্য দেশের লিগগুলোতে স্পন্সর করতে দেখা যায় প্রতিষ্ঠানগুলোকে। যদিও বাংলাদেশের ক্রিকেটে এখনও যাত্রা শুরু করতে পারেনি তারা । তবে ভবিষ্যতে বিসিবিকে স্পন্সর করতে দেখা যেতে পারে প্রতিষ্ঠানগুলোকে।
স্পন্সরশিপ ইস্যুতে বিপিএল চালাতে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে বিসিবিকে। তাই ভবিষ্যতে বেটিং প্রতিষ্ঠানগুলোকে স্পন্সরের ভূমিকায় দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
বিপিএল দশম আসর শুরুর আগেরদিন বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এমনটা জানান মল্লিক। বলেছেন, ‘বেটিং সাইটগুলোকে বাইরে রেখে টুর্নামেন্ট চালানো কঠিন হয়ে যাচ্ছে। ভবিষ্যতে এদেরও স্পন্সরের ভূমিকায় দেখা যেতে পারে।’
বিশ্বের অন্যান্য দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে দলের মালিকানা রয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর। তবে এর ভিন্ন রূপ দেখা যায় বিপিএলে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহে কমতি আছে কিনা এমন প্রশ্নের জবাবে মল্লিক জানিয়েছেন, মালিকানা হারানোর ভয়ে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিদের প্রস্তাব মেনে নেয় না বিসিবি।
‘আমাদের কাছে অনেকবারই অ্যাপ্রোচ (দল কেনার প্রস্তাব) এসেছিল। বোর্ডের সিদ্ধান্ত হলো, দেশীয় স্টাইলে টুর্নামেন্টটাকে চালানো। এমন কোনো কিছু করতে চাই না, যাতে টুর্নামেন্টের রাইটসটাই আমাদের হাতে থাকবে না। অন্য কারো কাছে রাইটস চলে যাবে।’




