তানজিদ-দীপুতে আস্থা চট্টগ্রামের | চ্যানেল আই অনলাইন

তানজিদ-দীপুতে আস্থা চট্টগ্রামের | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

বিপিএলের দশম আসরে তারুণ্য নির্ভর দল গঠন করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। গত আসরে টেবিলের তলানিতে থেকে আসর শেষ করলেও এবার ভালো করার প্রত্যাশা দলটির।  দলে আছেন ওপেনার তানজিদ হাসান তামিম ও শাহাদাত হোসেন দিপুর মতো তরুণ ক্রিকেটার। তাদের ওপরই আস্থা রাখতে চান চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম। 

শুক্রবার বিপিএল’র উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্স এর বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম। তার আগে বৃহস্পতিবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের ঝালিয়ে নিয়েছেন দলটির ক্রিকেটাররা। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তরুণদের প্রতি আস্থার কথা জানান শুভাগত। তরুণরা নিজেদের ভূমিকা পালন করতে পারলে বিপিএলে চট্টগ্রাম ভালো অবস্থানে থাকবে বলে আশাবাদী তিনি।

‘আমাদের দলে তামিম, দীপু, শহিদুল, আল আমিনদের মতো তরুণ খেলোয়াড় আছে। সব মিলিয়ে খুব একটা সমস্যা হবে না। সবাই খুবই হেল্পফুল, সবাই নিজের ভূমিকাটা জানে, সবাই সবার ভূমিকাটা পালন করতে পারলে আমার জন্য কাজটা সহজ হয়ে যাবে।’

বিপিএল’র গত আসরেও চট্টগ্রামের নেতৃত্বে ছিলেন শুভাগত। অধিনায়ক হিসেবে যদিও ভালো কাটেনি আসরটি। ১২ ম্যাচে কেবল জয় এসেছিল ৩টিতে। তবে সে কারণে এবারের আসরে চাপের কোনো কারণ নেই বলে জানিয়েছেন শুভাগত। পাশাপাশি ভালো কিছুর প্রত্যাশাতেও আছেন এই অলরাউন্ডার।

‘চাপ হিসেবে দেখছি না। এর আগেও এনসিএল, বিসিএল সব টুর্নামেন্টে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আমার আছে। আমি অভিজ্ঞতাটা যেন কাজে লাগাতে পারি, সেটাই লক্ষ্য। আমাদের দলে যে খেলোয়াড়রা আছে, তাদের সবাই খুবই প্রতিভাবান খেলোয়াড়।’

বিপিএল’র আসন্ন আসরে তুলনামূলক ভালো উইকেটে খেলা আয়োজনের আশ্বাস দিয়েছে বিসিবি। যদি প্রত্যাশামাফিক উইকেট হয় তাহলে মিরপুরের উইকেটে ১৬০-১৭০ রানই জয়ের জন্য যথেষ্ট হবে বলে মনে করেন শুভাগত।

‘এটা আসলে এখনই বলা যাচ্ছে না। শেষ বছর এখানে অনেক রান উঠেছে। তেমন যদি উইকেট হয়, তাহলে ১৬০-১৭০ এর মতো রান বেশ লড়াকু পুঁজি হবে। আমরা গতবার ডেথ ওভারে পেস বোলিংয়ে বেশ স্ট্রাগল করেছি। এবার সেভাবে আমরা গোছানোর চেষ্টা করেছি, এবং আমরা ভালো পেস বোলার পেয়েছি, স্পিনারও আছে। সে বিষয়টা হয়তো এবার আমরা রিকভার করতে পারব।’

Scroll to Top