বিপিএলের সফলতম অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার উপরই ভরসা রাখছে সিলেট স্ট্রাইকার্স। দশম আসর শুরুর একদিন আগে সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজিটি জানাল, এবারও সিলেটের অধিনায়ক থাকছেন মাশরাফী। জাতীয় দলের সাবেক অধিনায়কের নেতৃত্বে গতবার ফাইনাল খেলেছিল সুরমাপাড়ের দলটি।
সাত দলের প্রতিনিধিদের আনুষ্ঠানিক ফটোসেশনে ছিলেন না মাশরাফী। আজ মিরপুরে দলীয় অনুশীলনেও দেখা যায়নি তাকে। ধারণা করা হচ্ছিল নেতৃত্বে হয়ত পরিবর্তন আসছে। দীর্ঘদিন খেলার বাইরে থাকায় তার ফিটনেস নিয়েও প্রশ্ন ছিল।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফীকেই বেছে নিয়েছে সিলেট। সহ-অধিনায়ক করা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ মিঠুনকে। শুক্রবার শুরু হবে বিসিবির ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি আসরটি।



