
কাউন্টি ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন হেনরি ক্রোকোম্বে। মাত্র আট দিনের ব্যবধানে দুইবার হ্যাটট্রিক করে আলোচনায় এসেছিলেন সাসেক্সের ডানহাতি পেসার। এবার ডাক পেলেন প্রথমবারের মতো ইংল্যান্ডের সাদা বলের দলে।
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। ওয়ানডে দলে ক্রোকোম্বের সঙ্গে প্রথমবার সুযোগ পেয়েছেন ডার্বিশায়ারের ওপেনার আনেউরিন ডোনাল্ড।
সমারসেট ও এসেক্সের বিপক্ষে হ্যাটট্রিক করেন ক্রোকোম্বে। সমারসেটের বিপক্ষে মাত্র ১৪ বলে কোনো রান না দিয়ে ৫ উইকেট নেওয়ার কীর্তিও গড়েন তিনি। দুই ম্যাচে ১২ উইকেট শিকার করা ২৪ বছর বয়সী এই পেসার ৩৬টি লিস্ট ‘এ’ ম্যাচে নিয়েছেন ৪৯ উইকেট।
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াডেও সাময়িকভাবে ডাক পেয়েছিলেন ক্রোকোম্বে, যদিও সেই ম্যাচে খেলার সুযোগ হয়নি।
টি-টুয়েন্টিতে দুর্দান্ত ফর্মের সুবাদে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ডোনাল্ডও। টি-টুয়েন্টি ব্লাস্টে ২৩০.৬৬ স্ট্রাইক রেটে চারটি হাফ সেঞ্চুরিতে ৪৮৯ রান করেছেন তিনি। ২০১৫ সালে অভিষেকের পর এই সংস্করণে তার সংগ্রহ ১৮ ফিফটিতে ২ হাজার ৪২৩ রান।
দুই সংস্করণেই ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক। ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজে ঊরুর চোটের কারণে খেলতে না পারা জেমি ওভারটনও ফিরেছেন দলে।
আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। এরপর ২২ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ওয়ানডে স্কোয়াড : হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, সনি বেকার, জশ বাটলার, জর্ডান কক্স, হেনরি ক্রোকোম্বে, লিয়াম ডাউসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট, জশ টাং।
টি-টুয়েন্টি স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার, জেমস কোলস, জর্ডান কক্স, লিয়াম ডউসন, আনেউরিন ডোনাল্ড, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রশিদ, জশ টাং।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…