৭ রানে ৮ উইকেট, টি-টুয়েন্টিতে বিশ্বরেকর্ড সোনামের | চ্যানেল আই অনলাইন

৭ রানে ৮ উইকেট, টি-টুয়েন্টিতে বিশ্বরেকর্ড সোনামের | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ২ বার, সবধরণের টি-টুয়েন্টি মিলিয়ে মোট চারবার দেখা গেছে এক ইনিংসে একজন বোলারের ৭ উইকেট। এবার সবাইকে ছাড়িয়ে গেলেন ভুটানের সোনাম ইয়েশে। ২২ বর্ষী ক্রিকেটার এক ইনিংসে সর্বোচ্চ উইকেট নেয়ার নতুন রেকর্ড গড়লেন। মায়ানমারের বিপক্ষে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৭ রানে ৮ উইকেট নিয়েছেন তিনি।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ২০২৩ সালে চীনের বিপক্ষে মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুস এবং একইবছর ভুটানের বিপক্ষে বাহরাইনের আলী দাউদ ৭টি করে উইকেট নেন। এছাড়া স্বীকৃত টি-টুয়েন্টিতে কোলিন নেইল অ্যাকারম্যান ২০১৯ সালে ভাইটালিটি ব্লাস্টে লেস্টারশায়ারের হয়ে বার্মিংহাম বেয়ারসের বিপক্ষে ৭ উইকেট নেন এবং ২০২৫ বিপিএলে মিরপুরে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্বার রাজশাহীর হয়ে সবশেষ বোলার হিসেবে ৭ উইকেটের দেখা পান তাসকিন আহমেদ। তাদের ছাড়িয়ে এবার নতুন কীর্তি গড়লেন ভুটানের সোনাম।

শুক্রবার গেলেফু ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাটে নামে ভুটান। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১২৭ রানের সংগ্রহ পায় স্বাগতিক দল। জবাবে নেমে সোনাম তোপে ৯.২ ওভারে ৪৫ রানে গুটিয়ে যায় মায়ানমার। ৮২ রানে বড় জয় পায় ভুটান। তাতে ৩-০ তে এগিয়ে থেকে পাঁচ ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে ভুটান।

সফরকারীদের রানতাড়ায় পাঠিয়ে ইনিংসের দ্বিতীয় ওভারে বলে আসেন সোনাম। ওভারের প্রথম চার বলে তুলে নেন ৩ উইকেট। দ্বিতীয় ওভারে নেন ১টি, তৃতীয় ও চতুর্থ ওভারে নেন দুটি করে উইকেট। চার ওভারে ১ মেডেনসহ ৭ রানে ৮ উইকেট নেন সোনাম।

Scroll to Top