
মাগুরা, ৩০ সেপ্টেম্বর- প্রায় ৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেওয়ার অভিযোগে মাগুরা পল্লী বিদ্যুতের জিএমকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০২৬ সালের সেপ্টেম্বর মাসের বিল হাতে পেয়ে অবাক হন মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুন। বিলে তার বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ২৩৫ ইউনিট দেখানো হলেও পরিশোধযোগ্য অর্থের ঘরে লেখা হয় ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকা।
অস্বাভাবিক অঙ্কের এই বিল হাতে পাওয়ার পর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মঙ্গলবার বিলটি নিয়ে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া জোনাল কার্যালয়ে অভিযোগ করেন গ্রাহক আলেয়া খাতুন। পরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা বিলটি যাচাই করে সংশোধন করেন।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, বিল সংশোধনের পর আলেয়া খাতুনের প্রকৃত পরিশোধযোগ্য বিল দাঁড়ায় ১ হাজার ৯৩৮ টাকা। পরে তিনি সংশোধিত বিল অনুযায়ী ওই টাকা পরিশোধ করেন।
এস এম/ ৩০ সেপ্টেম্বর ২০২৬


