‘প্রিলিমিনারি পাস করায় আমি সত্যিই উচ্ছ্বসিত। প্রথম ধাপ পার করেছি, কনফিডেন্স বেড়েছে। আশা করি, সামনেও ভালো কিছু হবে।’ এ কথাগুলো বলছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থী শুভ সরকার। তিনি ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
গত রোববার রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ পরীক্ষার ফল প্রকাশ করেছে। প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার ৯ দিনের মাথায় প্রকাশিত ফলে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ জন। পিএসসির ওয়েবসাইটে ফল দেখা যাচ্ছে। ঢাকাসহ আটটি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৯ সেপ্টেম্বর একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ চাকরিপ্রার্থী।
দ্রুত সময়ে ফল প্রকাশিত হওয়ায় চাকরিপ্রার্থীরা উচ্ছ্বসিত। এটি আগের যেকোনো বিসিএসের তুলনায় সবচেয়ে কম সময়ের রেকর্ড। এর আগে ৪৬তম বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল ১৩ দিনের মধ্যে। চাকরিপ্রার্থীরা বলছেন, দ্রুত ফল প্রকাশ শুধু উত্তেজনা কমায়নি, লিখিত পরীক্ষার জন্য পরিকল্পিত প্রস্তুতির সুযোগও তৈরি করেছে। প্রার্থীরা জানিয়েছেন, ফলাফল দ্রুত প্রকাশ মানে, লিখিত পরীক্ষার জন্য আরও সময় হাতে এসেছে।