৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ: ১ হাজার ৪৫৭ জন সুপারিশপ্রাপ্ত – DesheBideshe

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ: ১ হাজার ৪৫৭ জন সুপারিশপ্রাপ্ত – DesheBideshe

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ: ১ হাজার ৪৫৭ জন সুপারিশপ্রাপ্ত – DesheBideshe

ঢাকা, ৮ ফেব্রুয়ারি – বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩-এর ক্যাডার পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। প্রকাশিত ফলাফলে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

রোববার পিএসসির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারের মোট ৩ হাজার ১৪০টি শূন্য পদের বিপরীতে যোগ্যতার ভিত্তিতে ১ হাজার ৪৫৭ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে সাধারণ ক্যাডারভুক্ত প্রশাসন ক্যাডারে ২৭২ জন, পুলিশ ক্যাডারে ৭৯ জন এবং পররাষ্ট্র ক্যাডারে ১০ জনকে সুপারিশ করা হয়েছে। এছাড়া আনসার ক্যাডারে ১৪ জন, কর ক্যাডারে ৩৭ জন এবং পরিবার পরিকল্পনা ক্যাডারে ১৪ জন প্রার্থী মনোনয়ন পেয়েছেন।

কারিগরি ও পেশাদার ক্যাডারগুলোর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে (সহকারী সার্জন) উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। পাশাপাশি কৃষি ক্যাডারে ৬৮ জন, মৎস্য ক্যাডারে ২৬ জন এবং পশুসম্পদ ক্যাডারে ৭৩ জনকে মনোনীত করা হয়েছে। অন্যান্য পদের মধ্যে সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৩৩ জন এবং পরিসংখ্যান কর্মকর্তা পদে ৭ জনকে সুপারিশ করেছে কমিশন।

কমিশন আরও জানিয়েছে, বিসিএস বিধিমালা-২০১৪ অনুযায়ী এই ফলাফল প্রস্তুত করা হয়েছে। সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও যথাযথ এজেন্সির মাধ্যমে প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই শেষে সরকার চূড়ান্ত নিয়োগ প্রদান করবে। তবে এই মনোনয়ন প্রার্থীর চাকরি প্রাপ্তির আইনি অধিকার হিসেবে গণ্য হবে না। নিয়োগ সংক্রান্ত সব বিধি-বিধান প্রতিপালন সাপেক্ষে নিয়োগকারী কর্তৃপক্ষ এই মনোনয়ন কার্যকর করবে। প্রার্থীরা পিএসসির নিজস্ব ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইটে বিস্তারিত ফলাফল দেখতে পারবেন।

এনএন/ ৮ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top