মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে বল হাতে মারুফা আক্তার-নাহিদা আক্তারদের আগুনে স্পেলে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। পাকিস্তানের ব্যাটিংয়ে শুরুতেই ধস নামান মারুফা, ৩১ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জানালেন, ঘুমের আগেও চিন্তা করতেন কিভাবে ম্যাচসেরা হওয়া যাবে।
কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে পাকিস্তান। ৩৮.৩ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। জবাবে ১১৩ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে টিম টাইগ্রেস।
পরে সংবাদ সম্মেলনে আসেন মারুফ। বলেছেন, ‘প্রথম থেকেই আমার চিন্তা ছিল উইকেট টু উইকেট বোলিং করতে হবে। আমার বলে অনেক সুইং ছিল, কিন্তু আমি লেন্থ এবং লাইন ঠিক রেখেছিলাম। জ্যোতি আপু বলেছিলেন, আমাকে বল নিয়ন্ত্রণ করতে। আমার উপরে কোন চাপ ছিল না। দল অনেক সমর্থন করেছে।’
‘আমি এ বিশ্বকাপ নিয়ে অনেক উচ্ছ্বসিত ছিলাম, কারণ এটা আমার জীবনের প্রথম বিশ্বকাপ। ২ মাস আগে থেকেই আমি ঘুমের আগে চিন্তা করতাম আমার প্রথম ম্যাচ ভালো হবে এবং আমি ম্যাচসেরা হব। নাহিদা আপু বলেছিলেন, আমাদের একসাথে কাজ করতে হবে এবং সোবহানা আপু বলেছিলেন, আমি ভাল বোলার, আমি ভালো করলে দল সুবিধা পাবে।’
টাইগ্রেস পেসার জানান ম্যাচের আগে মায়ের সাথে ভিডিও কলে কথা হয়েছিল তার। বলেছেন, ‘মায়ের সাথে ভিডিও কলে কথা হয়েছিল, মা সূরা পড়ে দিয়েছিলেন। বাবা যেহেতু বাটন ফোন চালায় সেখানে ভিডিও কল নেই, তাই কথা হয় নাই।’
‘আপাতত বাংলাদেশের হয়ে খেলাই আমার স্বপ্ন, পরবর্তীতে কখনো বিদেশি লিগে খেলার সুযোগ পেলে খেলব।’-যোগ করেন মারুফা।

