স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই রাজধানীর মহাখালীস্থ সংক্রামক ব্যাধি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু করা হয়েছে।
গত সোমবার (১৬ মার্চ) স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন মধ্যরাতে হাসপাতাল পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইসিইউ পুনরায় চালুর আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই আইসিইউ কার্যক্রম শুরু হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে মিজলস্ বা হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় হাসপাতালে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগীর চাপ তৈরি হয়। বেড সংকটের কারণে অনেক রোগীকেই ফ্লোর ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছিল। এর মধ্যে এক গুরুতর অসুস্থ শিশুর মৃত্যুর খবর পেয়ে স্বাস্থ্যমন্ত্রী মধ্যরাতে হাসপাতাল পরিদর্শনে যান।
পরিদর্শনকালে তার সঙ্গে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সে সময় তিনি বলেন, আমাদের সুযোগ সুবিধার অপর্যাপ্ততা বা অপ্রতুলতা রয়েছে তবে চেষ্টার ত্রুটি নেই বা অবহেলা নেই। জানা গেছে, প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় ইআরপিপি প্রকল্পের আওতায় গ্লোবাল ফান্ড-এর সহায়তায় স্থাপিত আইসিইউ ইউনিটটি বন্ধ ছিল। পরে দ্রুত উদ্যোগ নিয়ে চিকিৎসক, অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞসহ প্রয়োজনীয় জনবল সংযুক্ত করে আইসিইউ চালুর ব্যবস্থা করা হয়।
এ প্রেক্ষিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩ জন চিকিৎসক, ১ জন জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) এবং ১ জন অ্যানেস্থেটিস্টকে হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। ইতোমধ্যে আইসিইউর বেড, যন্ত্রপাতি স্থাপন সম্পন্ন হয়েছে এবং ৫ শয্যার আইসিইউ ইউনিটটি জরুরি সেবা দিতে প্রস্তুত রয়েছে।
এদিকে, সংক্রামক ব্যাধি হাসপাতালটি ১০০ শয্যার হওয়ায় অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে পাশ্ববর্তী ডিএনসিসি হাসপাতালেও হাম রোগীদের চিকিৎসার জন্য একটি বিশেষ ইউনিট চালু করা হয়েছে।



