২৩ বছর পর আগস্টে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

২৩ বছর পর আগস্টে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৭ সালে সবশেষ টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। প্রায় একদশক পর আবারও অজিদের বিপক্ষে টেস্ট খেলবে লাল-সবুজের দল। আসছে আগস্টে ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সাদা পোশাকে খেলতে যাবে নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশ দল ২০০৩ সালে প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়েছিল। মাঝে দীর্ঘ ২৩ বছর পার হয়ে গেলেও অজিদের ঘরে বাংলাদেশকে আর এই ফরম্যাটে খেলতে ডাকেনি। আগস্টে হতে চলা দুটি টেস্ট ২০২০ সালে কোভিডের মাঝে হওয়ার কথা ছিল।

দুই টেস্টের প্রথমটি হবে ১৩-১৭ আগস্ট, ডারউইনের মারারে স্টেডিয়ামে এবং দ্বিতীয় ম্যাচটি হবে ২২-২৬ আগস্ট, ম্যাককয়ের গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায়। বাংলাদেশের ম্যাচ দিয়ে ম্যাককয় স্টেডিয়ামে টেস্টের যাত্রা শুরু হবে এবং ২০০৪ সালের পর বাংলাদেশের ম্যাচ দিয়ে ডারউইনে টেস্ট ফিরবে। ডারউইনে আগে দুটি ম্যাচ হয়েছিল। অজিরা ২০০৩ সালে বাংলাদেশের এবং ২০০৪ সালে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেছেন, ‘এটা কোন গোপন বিষয় নয় যে, আন্তর্জাতিক ক্যালেন্ডারে এখন খেলার প্রচণ্ড চাপ এবং ভাগ্যবান যে আগস্টে গ্রীষ্মের বাইরে টেস্ট ক্রিকেটের জন্য আরেকটি বিশ্বমানের সুযোগ-সুবিধা পাওয়া যাচ্ছে।’

এ বছরের জুনে অস্ট্রেলিয়া বাংলাদেশে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে আসবে।

Scroll to Top