২০২৬ সালের হোম সিরিজের মিডিয়া স্বত্ব বিক্রির উদ্যোগ বিসিবির – DesheBideshe

২০২৬ সালের হোম সিরিজের মিডিয়া স্বত্ব বিক্রির উদ্যোগ বিসিবির – DesheBideshe

২০২৬ সালের হোম সিরিজের মিডিয়া স্বত্ব বিক্রির উদ্যোগ বিসিবির – DesheBideshe

ঢাকা, ১৬ মার্চ – বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন হোম সিরিজগুলোর বৈশ্বিক মিডিয়া স্বত্ব বিক্রির উদ্যোগ গ্রহণ করেছে। এই লক্ষ্যে টেলিভিশন সম্প্রচারক, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং মার্কেটিং এজেন্সিগুলোর কাছ থেকে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) বা আগ্রহপত্র আহ্বান করা হয়েছে। বিসিবি জানিয়েছে, আগ্রহী প্রতিষ্ঠানগুলো আর্থিক প্রস্তাবসহ আবেদন করতে পারবে। এর মাধ্যমে তারা ২০২৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিতব্য কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক হোম সিরিজের বিশ্বব্যাপী মিডিয়া স্বত্ব অর্জনের সুযোগ পাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া তিনটি আন্তর্জাতিক সিরিজ এই প্রক্রিয়ার আওতায় থাকবে।

সিরিজগুলো হলো নিউজিল্যান্ড জাতীয় দলের বাংলাদেশ সফর, পাকিস্তান জাতীয় দলের সফর এবং অস্ট্রেলিয়া জাতীয় দলের সফর। নিউজিল্যান্ডের সফরটি অনুষ্ঠিত হবে এপ্রিল ও মে মাসে এবং পাকিস্তানের ক্ষেত্রে কেবল টেস্ট সিরিজটি এর অন্তর্ভুক্ত থাকবে। বিসিবি মূলত দুটি ক্যাটাগরিতে এই মিডিয়া স্বত্ব প্রদান করবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশসহ সারা বিশ্বের জন্য স্যাটেলাইট টিভি রাইটস এবং বিশ্বব্যাপী ডিজিটাল ওটিটি রাইটস। বিসিবির অফিশিয়াল ওয়েবসাইট থেকে ইওআই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা সংগ্রহ করা যাবে। আগামী ১৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ইওআই ডকুমেন্ট পাওয়া যাবে এবং আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে তাদের আর্থিক প্রস্তাবসহ আবেদন জমা দিতে হবে ২৯ মার্চের মধ্যে।

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবির ম্যানেজমেন্ট অফিসে এই আবেদন জমা দিতে হবে। যোগ্যতার শর্ত হিসেবে বিসিবি স্পষ্ট জানিয়েছে যে, তামাক, অ্যালকোহল বা বেটিং সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। এছাড়া সংশ্লিষ্ট সম্প্রচারক বা টিভি চ্যানেলকে কমপক্ষে তিন বছর ধরে সম্প্রচার কার্যক্রমে সক্রিয় থাকার অভিজ্ঞতা থাকতে হবে। প্রয়োজনে যেকোনো প্রস্তাব গ্রহণ বা বাতিল করার পূর্ণ অধিকার বিসিবির সংরক্ষিত থাকবে। এই উদ্যোগের ফলে আন্তর্জাতিক সিরিজগুলোর সম্প্রচার ও ডিজিটাল কভারেজের ক্ষেত্রে নতুন বাণিজ্যিক সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এস এম/ ১৬ মার্চ ২০২৬



Scroll to Top