প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর জন্য ইফতার আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। গতবছর থেকে নেওয়া উদ্যোগের ধারাবাহিকতায় এবারও শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করেছে তারা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। যেখানে মেয়েদের জন্য রয়েছে আলাদা বসার স্থান।
কেন্দ্রীয় মসজিদে সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই ইফতার আয়োজনের বিশাল কর্মযজ্ঞ চলছে। ভলেন্টিয়ার এবং বাবুর্চিরা তাদের কাজে ব্যস্ত রয়েছেন।
কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ পড়তে আসা আরবি বিভাগের শিক্ষার্থী আদিব আহমেদ বলেন, গতকালের মতো এবারও প্রশাসন ইফতার করতে যাচ্ছে, এটা প্রশংসনীয় উদ্যোগ। সব আয়োজন গোছালোভাবে হচ্ছে। এত মানুষ একসঙ্গে ইফতার করবো, এটা ভেবেই ভালো লাগছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন করার জন্য।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার বলেন, গত বছরের মতো এবারও আমরা সকল শিক্ষক, শিক্ষার্থী ও স্টাফদের জন্য ইফতার আয়োজন করতে যাচ্ছি। এবার প্রায় ১৬ হাজার রোজাদারের জন্য ইফতার থাকবে।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় মসজিদে ইফতার কে কীভাবে প্রবেশ করে সংগ্রহ করবে, তার দিকনির্দেশনা আমরা আগেই দিয়ে দিয়েছি এবং মেয়েদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। আমরা এই আয়োজনে সকলের সহযোগিতা কামনা করছি।




