“মডেলিং, নাটক সবমিলিয়ে এই ইন্ডাস্ট্রিতে আমি ১২-১৪ বছর কাজ করছি। যেদিন প্রথম সিনেমার (সোলজার) শুটিং করি পরদিন লিগ্যাল নোটিস আসে। এর কদিন পর মামলা হয়। আমি মনে করি, কেউ যদি উপরে উঠতে থাকে তখনই তাকে টেনে নামানোর চেষ্টা করা হয়।”
একটি অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ২৭ হাজার টাকা মূল্যের শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে ২০২৫ সালের শেষদিকে তানজিন তিশার নামে মামলা করেন ওই পেজটির প্রশাসক আমিনুল ইসলাম।
সেই মামলায় তানজিন তিশাকে ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তিশা বলেন, আমি অবশ্যই আদালতে যাবো।
এই মামলা প্রসঙ্গে এতদিন চুপচাপ ছিলেন তিশা। বৃহস্পতিবার বিকেলে বনানী ক্লাবে আইকনিক অ্যাওয়ার্ডের সংবাদ সম্মেলনে তাকে মামলা প্রসঙ্গে প্রশ্ন করা হলে সরব হন তানজিন তিশা।
তিনি বলেন, আমারও ইচ্ছে হয়েছিল আমার সাথে কী ঘটেছে আমি কথা বলি। কিন্তু পারিনি কারণ বিষয়টি নিয়ে মামলা চলমান। দেশের প্রচলিত আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি বিশ্বাস করি, সঠিক বিচার পাবো এবং আমার আইনজীবী আছে, আইনিভাবে মোকাবিলা করবো।
তানজিন তিশা বলেন,“১৪ বছর ধরে আমি সুনামের সঙ্গে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এত শ্রম দিয়ে শিল্পী হিসেবে নিজেকে তৈরি করেছি একটা অনলাইনের শপের ২৭ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণা করার জন্য?”
অভিনেত্রী বলেন,“আজকে আমি মানুষের ভালোবাসায় যেখানে এসে পৌঁছেছি আমাদের সমাজ ব্যবস্থায় এখানে আসা সহজ নয়। আমার দর্শকরা আমাকে একটু বেশি ভালোবাসে এজন্য তারা আমার অল্পকিছু হলে প্যানিক হয়ে যায়। আশা রাখছি, আমি কী বলতে চেয়েছি সেটা দর্শকরা বুঝতে পেরেছেন। আবারও বলছি, আমাদের দেশের আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল।”
অনেকদিন ধরে নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন তানজিন তিশা। তার অভিনীত প্রথম সিনেমা ‘সোলজার’ মুক্তি পাবে চলতি বছরেই। ইতোমধ্যে ছবির দুটি গান বাদে প্রায়ই সব কাজই শেষ।
সাকিব ফাহাদের পরিচালনায় সান মোশন পিকসার্সের প্রযোজনায় এতে তিশার নায়ক সুপারস্টার শাকিব খান। তিশা জানান, চলতি বছরে সোলজার মুক্তি পাবে। সিনেমায় অভিনয় করলেও তিনি একেবারে নাটক ছাড়বেন না, বেছে বেছে ভালো কাজ করবেন।




