
চাঁদপুর, ১ মে – সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩০০ প্রার্থীকে শর্তসাপেক্ষে দ্রুত নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। দীর্ঘদিন ধরে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে চলমান নানা আলোচনা ও সমালোচনার অবসান ঘটিয়ে সরকার দ্রুত সময়ের মধ্যে বিষয়টি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষার মান উন্নয়নের স্বার্থে দ্রুত নিয়োগ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন যে তড়িঘড়ি করে অনুষ্ঠিত ওই নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। তবে সরকার বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনা করেছে।
নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা অচিরেই নিয়োগ পাবেন বলে তিনি আশ্বাস দেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন যে বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময় ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে কাজ করছে। ঝরে পড়া রোধ করতে নেওয়া হচ্ছে নানা কার্যকর পদক্ষেপ।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেত্রী নাজমুন নাহার বেবী এবং কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএন/ ১ মে ২০২৬






