
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা এলাকায় একটি হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার লেখা একটি ইশতেহারে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী মতাদর্শ এবং ভারতীয় বংশোদ্ভূত মানুষের বিরুদ্ধে সহিংসতার কথা উল্লেখ ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গ্রেপ্তার তরুণের নাম আলেক্সান্দ্রোস পাপোরাকিস। তার বিরুদ্ধে সন্ত্রাসী হুমকি দেওয়া এবং অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, পাপোরাকিসের বিরুদ্ধে গণহারে গুলি চালিয়ে হত্যার পরিকল্পনা করার অভিযোগের তদন্ত শুরু হয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে। ওই ব্যক্তি পুলিশকে জানান, পাপোরাকিস তার সঙ্গে হামলার পরিকল্পনা নিয়ে একটি নথি শেয়ার করেছিলেন। পাশাপাশি রাইফেল, গুলিভর্তি ম্যাগাজিন, শরীর রক্ষার বর্ম ও সামরিক সরঞ্জামের ছবিও পাঠিয়েছিলেন।
তদন্তকারীদের ধারণা, গত ১১ অক্টোবর অরোরা এলাকার কোনো হিন্দু উপাসনালয়ে হামলার পরিকল্পনা করেছিলেন পাপোরাকিস। তবে নির্দিষ্ট কোন মন্দিরকে লক্ষ্য করা হয়েছিল, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ।
সহকর্মীদের বলেছিলেন ‘বিশেষ একটি দিন’
পুলিশের অভিযোগ, পাপোরাকিস টাকো বেল রেস্তোরাঁয় কাজ করার সময় সহকর্মীদের বলেছিলেন, রোববার দিনটি হবে ‘বিশেষ একটি দিন’। তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, ওই দিন সকালে তিনি এক সহকর্মীকে ফোন করে জানান, তার বন্দুকের গুলি আটকে গেছে। এরপর দ্রুত সেখান থেকে চলে যান তিনি।
প্যালাটাইন পুলিশের গোয়েন্দারা তার ইলেকট্রনিক যোগাযোগ ও লেখা একটি নথি পরীক্ষা করেন। নথিটির শিরোনাম ছিল ‘হোয়াই আই ফট: এ.কে.এ.: (অরোরা শুটারের ইশতেহার)’। এতে শ্বেতাঙ্গদের শ্রেষ্ঠত্বের দাবি এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মানুষের বিরুদ্ধে সহিংসতার কথা ছিল বলে জানিয়েছে পুলিশ।
প্যালাটাইন ও মাউন্ট প্রসপেক্ট পুলিশ বিভাগের যৌথ অভিযানে ১১ অক্টোবর সন্ধ্যায় নিজের বাসা থেকে বের হওয়ার সময় পাপোরাকিসকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে একটি রাইফেল, একাধিক গুলিভর্তি ম্যাগাজিন, শত শত অতিরিক্ত গুলি এবং শরীর রক্ষার বর্মযুক্ত একটি কৌশলগত ভেস্ট উদ্ধার করা হয়। ভেস্টটিতে শ্বেতাঙ্গ চরমপন্থীদের সঙ্গে সম্পর্কিত ছবি বা প্রতীকযুক্ত একটি প্যাচ ছিল বলে জানিয়েছে পুলিশ।
মন্দিরগুলোকে সতর্ক করে পুলিশ
সম্ভাব্য হামলার তথ্য পাওয়ার পর পুলিশ অরোরা এলাকার হিন্দু উপাসনালয়গুলোর সঙ্গে যোগাযোগ করে সতর্ক করে দেয়। প্যালাটাইন পুলিশের প্রধান উইলিয়াম নর্ড বলেন, এ ধরনের হুমকির গুরুত্ব কোনোভাবেই কম করে দেখার সুযোগ নেই। উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম অগ্রাধিকার।
ঘটনার পর হিন্দু আমেরিকান ফাউন্ডেশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছে। সংগঠনটি সবাইকে সতর্ক থাকার এবং সম্ভাব্য হামলার আশঙ্কা সম্পর্কে কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে। তাদের বক্তব্য, প্রত্যেক সম্প্রদায়ের মানুষের ভয় ছাড়াই উপাসনা করার অধিকার রয়েছে।
বুধবার কুক কাউন্টির থার্ড মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্ট আদালতে পাপোরাকিসকে হাজির করা হয়। বিচারক তাকে হেফাজতে রাখার নির্দেশ দেন। আগামী ৩০ অক্টোবর তার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং পাপোরাকিসের বিরুদ্ধে আরও অভিযোগ আনা যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এফবিআইয়ের সঙ্গেও কাজ করছে তারা। তবে সাধারণ মানুষের ওপর তাৎক্ষণিক হামলার আশঙ্কা রয়েছে, এমন তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

