‘হামের টিকা পেয়েছে ৯৫ শতাংশ শিশু, বাদ পড়াদের দ্রুত টিকা দেওয়া হবে’ | চ্যানেল আই অনলাইন

‘হামের টিকা পেয়েছে ৯৫ শতাংশ শিশু, বাদ পড়াদের দ্রুত টিকা দেওয়া হবে’ | চ্যানেল আই অনলাইন

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেছেন, দেশে ৯৫ শতাংশ শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে। যারা এখনও টিকা পায়নি, তাদেরও দ্রুত টিকা দেওয়া হবে।

তিনি বলেন, দেশে ভ্যাকসিনের সংকট নেই। নিউমোনিয়াসহ নানা জটিলতায় শিশুদের হারাতে হচ্ছে। আমরা হামমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো।

মঙ্গলবার (১৩ মে) সরকারি ভ্যাকসিনের বর্তমান অবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, হামের টিকার অ্যান্টিবডি তৈরি হতে সাধারণত তিন থেকে পাঁচ সপ্তাহ সময় লাগে। তাই টিকা গ্রহণের পরও কিছু সময় সতর্ক থাকতে হবে।

অন্যদিকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, হামের টিকা নিয়ে কে কোথায় ভুল করেছে সেটি খোঁজার আগে জনগণের আস্থা ধরে রাখা জরুরি।

মন্ত্রী বলেন, আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে। আমরা সেটাই করার চেষ্টা করছি।

তিনি জানান, হাম আক্রান্ত অনেক শিশুর পরবর্তীতে নিউমোনিয়া দেখা দেয় এবং গুরুতর অবস্থায় ভেন্টিলেশনই শেষ চিকিৎসা হয়ে দাঁড়ায়। এ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর সরবরাহ করা হয়েছে বলেও জানান তিনি।

Scroll to Top