সুনামগঞ্জের হাওরাঞ্চলে এবারের বোরো মৌসুমে অতি বৃষ্টি, ঝড়, পাহাড়ি ঢল বা অকাল বন্যা ছিল না। আর আবহাওয়া পরিস্থিতিও ছিল অনুকূলে। ফলে ধান কাটা, মাড়াই ও গোলায় তোলার কাজগুলো নির্বিঘ্নে শেষ করতে পেরেছেন স্থানীয় কৃষকেরা। শ্রমে-ঘামে ফলানো সোনার ধান পেয়ে তাঁরা বেশ খুশি।
এ উপলক্ষে আজ শুক্রবার জেলার মসজিদ, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রার্থনা আয়োজনের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি আগামী মঙ্গলবার তাহিরপুর উপজেলার শনির হাওরে কৃষকদের নিয়ে আনন্দ আয়োজন করা হবে।



