
ফিলাডেলফিয়া, ১৮ জুন – মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু করার পর এবার ঘুরে দাঁড়াতে মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মোকাবিলা করবে সেলেসাওরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দল নির্বাচন নিয়ে যথারীতি গোপনীয়তা বজায় রাখছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে অনুশীলনের গতিপ্রকৃতি দেখে ধারণা করা হচ্ছে, হাইতির রক্ষণভাগ চূর্ণ করতে আবারও আক্রমণাত্মক ৪-২-৪ ফরমেশনে ফিরতে পারেন এই ইতালিয়ান কোচ।
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য এই ম্যাচের প্রস্তুতিতে গত দুই দিন বেশ কয়েকজন ফুটবলারকে পরখ করে দেখেছেন আনচেলত্তি।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, রক্ষণভাগে ইবানিয়েজের পরিবর্তে দানিলো এবং মাঝমাঠে লুকাস পাকেতার জায়গায় লুইস হেনরিকেকে শুরুর একাদশে দেখা যেতে পারে। যদিও চূড়ান্ত পরিকল্পনা নিয়ে এখনও মুখ খোলেননি কোচ।
দলের দুই অন্যতম ভরসা গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস ও রাফিনিয়াকে নিয়ে কিছুটা উদ্বেগে রয়েছে ব্রাজিল শিবির। গ্যাব্রিয়েলের বাম ঊরুতে চোট রয়েছে এবং মরক্কো ম্যাচের পর পায়ে ফোস্কা পড়ার কারণে রাফিনিয়া পূর্ণমাত্রায় অনুশীলন করতে পারছেন না। তাদের বিকল্প হিসেবে লিও পেরেইরা ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে প্রস্তুত রাখা হলেও শেষ মুহূর্ত পর্যন্ত মূল একাদশে পরিবর্তনের বিষয়ে অনিশ্চয়তা রয়েছে।
মাঝমাঠেও পরিবর্তনের আভাস পাওয়া গেছে। বুধবারের অনুশীলনে ফ্যাবিনিওকে ব্রুনো গিমারায়েসের সঙ্গে তাল মেলাতে দেখা গেছে। তবে অভিজ্ঞ কাসেমিরোও ফিরতে পারেন মূল দলে।
আক্রমণভাগে ইগর থিয়াগো ও মাতেউস কুনিয়ার মধ্যে একাদশে জায়গা পাওয়া নিয়ে তীব্র লড়াই চলছে। এর মধ্যে সবচেয়ে স্বস্তির খবর হলো, দীর্ঘদিনের চোট কাটিয়ে মাঠে বল নিয়ে অনুশীলনে ফিরেছেন মহাতারকা নেইমার। তবে তার শারীরিক অবস্থা বিবেচনা করে কোনো প্রকার ঝুঁকি নিতে চাইছে না দলের চিকিৎসক ও কোচিং স্টাফরা।
শনিবারের লড়াইয়ের উদ্দেশ্যে আজ নিউ জার্সিতে শেষ মুহূর্তের অনুশীলন সেরে ফিলাডেলফিয়ায় পৌঁছাবে ব্রাজিল দল। বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে ৬টায় হাইতির মুখোমুখি হবে তারা।
এনএন/ ১৮ জুন ২০২৬






