
পর্তোপ্রাঁস, ১২ এপ্রিল – হাইতির উত্তরাঞ্চলীয় গ্রামীণ এলাকায় অবস্থিত লাফেরিয়ের দুর্গে পদদলিত হয়ে অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
হাইতির উত্তর বিভাগের দমকল বাহিনীর প্রধান জঁ অঁরি পেতি জানিয়েছেন, শনিবার ঐতিহাসিক এই দুর্গটিতে একটি বার্ষিক উৎসব উপলক্ষে বহু শিক্ষার্থী ও পর্যটক সমবেত হয়েছিলেন। দুর্গটির প্রবেশপথে ভিড়ের চাপে এই পদদলনের ঘটনা ঘটে। ওই সময় বৃষ্টিপাত শুরু হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।
উনবিংশ শতাব্দীর প্রথম দিকে নির্মিত এই দুর্গটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। হাইতির প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ের ফিলস-আইমে এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি জানান, দুর্গের উৎসবে প্রচুর সংখ্যক তরুণ অংশ নিয়েছিলেন। দেশটিতে চলমান চরম গ্যাং সহিংসতা এবং ব্যাপক প্রাণহানির মতো অস্থিতিশীল পরিস্থিতির মাঝেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল।
নিরাপত্তা বাহিনী বর্তমানে দেশের ক্রমবর্ধমান সহিংসতা নিয়ন্ত্রণে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এনএন/ ১২ এপ্রিল ২০২৬






