হলে নিষিদ্ধ, ওটিটিতে মুক্তি পেয়েই পাকিস্তানে ট্রেন্ডিংয়ে ‘ধুরন্ধর’! | চ্যানেল আই অনলাইন

হলে নিষিদ্ধ, ওটিটিতে মুক্তি পেয়েই পাকিস্তানে ট্রেন্ডিংয়ে ‘ধুরন্ধর’! | চ্যানেল আই অনলাইন

বিশ্বব্যাপী বড়পর্দায় মুক্তির কয়েক সপ্তাহ পর এবার নেটফ্লিক্সে মুক্তি পেল বলিউডের সাড়া জাগানো সিনেমা ‘ধুরন্ধর’। বড়পর্দায় মুক্তি না পেলেও নেটফ্লিক্সে মুক্তির পরেই পাকিস্তানে ১ নম্বরে জায়গা করে নিয়েছে রণবীর সিং অভিনীত এই সিনেমা!

বহুদিন ধরেই ভারত ও পাকিস্তানের মধ্যে সিনেমা আমদানি-রপ্তানি বন্ধ। এদিকে ‘ধুরন্ধর’ ট্রেলার রিলিজের পরই মধ্যপ্রাচ্য এই সিনেমা নিষিদ্ধ করে। এই দেশ কয়টিতে মুক্তি না দিতে পেরে তখন পরিবেশকরা আফসোস করে বলেছিলেন যে, পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর বড়পর্দায় মুক্তি দিতে না পারায় ১০ মিলিয়ন ডলার ক্ষতি হয়ে গেল!

নেটফ্লিক্সে সিনেমাটি মুক্তির পর পাকিস্তানে ট্রেন্ডিংয়ে শীর্ষে থাকায় পরিবেশকদের কথাই যেন সত্যি হলো!

ভারতের বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’। পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের মতো বড় বাজারে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও, আন্তর্জাতিক বাজার থেকে ছবিটি প্রায় ৩৩ মিলিয়ন ডলার আয় করে নেয়!

গত মাসে সিনেমাটির পরিবেশক দাবি করেন, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যে মুক্তি না পাওয়ায় ‘ধুরন্ধর’-এর সম্ভাব্য আয় থেকে অন্তত ১০ মিলিয়ন ডলার হাতছাড়া হয়েছে। নেটফ্লিক্সে মুক্তির পর পাকিস্তানে ছবিটির জনপ্রিয়তা সেই দাবিকেই কার্যত সমর্থন করছে।

অনলাইনে ছড়িয়ে পড়া স্ক্রিনশট ও নেটফ্লিক্স ট্রেন্ডিং তালিকা অনুযায়ী, শুক্রবার ৩০ জানুয়ারি স্ট্রিমিং শুরু হওয়ার পর থেকেই ‘ধুরন্ধর’ পাকিস্তানে সবচেয়ে বেশি দেখা সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে। শনিবার থেকে টানা নম্বর ওয়ানে রয়েছে ছবিটি। জনপ্রিয়তায় এটি পেছনে ফেলেছে ‘তেরে ইশক মেঁ’, ‘হক’ ও ‘দ্য বিগ ফেক’–এর মতো অন্যান্য বলিউড সিনেমাকেও।

‘ধুরন্ধর’ একটি স্পাই থ্রিলার ঘরানার ছবি। এতে রণবীর সিং অভিনয় করেছেন একজন ভারতীয় গুপ্তচরের ভূমিকায়, যিনি পাকিস্তানের করাচির লিয়ারি এলাকার অপরাধচক্রে অনুপ্রবেশ করেন। সিনেমাটিতে বাস্তব ঘটনা ও বাস্তব চরিত্রের সঙ্গে কল্পিত কাহিনি মিলিয়ে ভারতের সন্ত্রাসবিরোধী লড়াই তুলে ধরা হয়েছে।

বিতর্কিত বিষয়বস্তুর কারণেই পাকিস্তানে সিনেমাটি নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে। অনেকেই জানতে আগ্রহী- কেন সিনেমাটিকে এত ‘বিতর্কিত’ বলা হচ্ছে!

এদিকে এরইমধ্যে প্রকাশিত হয়েছে ‘ধুরন্ধর ২’-এর টিজার। আগামি মার্চে আদিত্য ধরের এই সিক্যুয়েলটি মুক্তি পেতে যাচ্ছে। হাঙ্গামা এক্সপ্রেস

Scroll to Top