যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার ভিত্তিতে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে বড় অগ্রগতি হলেও এখনও ‘কাজ বাকি’ বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
রোববার (২৪ মে) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ভারত সফরকালে তিনি জানান, বিনা শুল্কে আন্তর্জাতিক এই জলপথ সচল করার একটি রূপরেখা তৈরি হয়েছে, তবে চূড়ান্ত চুক্তির জন্য এখনও ইরানের পূর্ণ সম্মতি ও বিস্তারিত আলোচনা প্রয়োজন।
রুবিও বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। তিনি বলেন, এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট অবস্থান নিয়েছেন।
তিনি আরও যোগ করেন, প্রেসিডেন্ট এমন কোনো চুক্তিতে সম্মত হবেন যা পারমাণবিক ইস্যুতে ইরানকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে, এই ধারণাটি “অযৌক্তিক”।
তিনি বলেন, “যুদ্ধ শেষ করার জন্য কূটনৈতিক পথই যুক্তরাষ্ট্রের পছন্দ এবং আমার মনে হয় আমরা কিছুটা অগ্রগতি করেছি।”
রুবিও আরও বলেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ব কিছু সুখবর পেতে পারে, অন্তত হরমুজ প্রণালীর বিষয়ে।
তবে তিনি সতর্ক করেন, আমাদের এখনও কিছু কাজ বাকি আছে। সুখবর আছে, কিন্তু চূড়ান্ত খবর নয়।




