
ঢাকা, ১৭ এপ্রিল – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শুক্রবার রাত ১১টা ৩৫ মিনিটে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
হজের প্রথম উদ্বোধনী ফ্লাইটটি রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। তার আগেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হজযাত্রীদের জন্য বিশেষ শুভেচ্ছা উপহার পাঠানো হয়েছে যা ইতোমধ্যে ঢাকা হজ অফিসে পৌঁছেছে।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান যে আল্লাহর মেহমানদের জন্য এক লক্ষ বোতল মিনারেল ওয়াটারসহ ব্যাকপ্যাক, ইহরাম সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক ও আজওয়া খেজুর উপহার হিসেবে দেওয়া হয়েছে। মিনারেল ওয়াটার হজক্যাম্পে আগতদের মাঝে বিতরণ করা হচ্ছে এবং অন্যান্য উপহারসামগ্রী প্যাকেটজাত করে উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের হাতে তুলে দেওয়া হবে।
উল্লেখ্য যে চলতি বছর বাংলাদেশ থেকে সর্বমোট ৭৮ হাজার ৫০০ জন ধর্মপ্রাণ মুসলিম হজ পালন করবেন।
এনএন/ ১৭ এপ্রিল ২০২৬






