
ঢাকা, ৬ এপ্রিল – বিচার বিভাগ স্বাধীন ও স্বতন্ত্রভাবে কাজ করলে মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার সুনিশ্চিত হয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল জানান, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিচার বিভাগ অত্যন্ত স্বাধীনভাবে কাজ করে। বিচার বিভাগ যখন স্বাধীন থাকে, তখনই মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়।
তিনি উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগের তিনটি নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল। তবে নতুন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে ফের গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এই যাত্রার ফলে দেশে সুশাসন নিশ্চিত হবে এবং মানুষের মৌলিক অধিকার হিসেবে ন্যায়বিচার সুরক্ষিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রুহুল কুদ্দুস কাজল আরও জানান, সাংবিধানিকভাবে রাষ্ট্রের তিনটি অঙ্গ স্বতন্ত্রভাবে কাজ করলেও তারা একে অপরের পরিপূরক। নির্বাহী বিভাগ, আইনসভা এবং বিচার বিভাগ যখন স্বাধীনভাবে কাজ করতে পারবে, তখনই গণতন্ত্র সুসংহত হবে।
এদিন বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সমাধি কমপ্লেক্সে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে মোনাজাতে জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করা হয়।
এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূইয়া, ব্যারিস্টার আরশাদুর রউফসহ অন্যান্য আইন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৫ মার্চ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।
এনএন/ ৬ এপ্রিল ২০২৬






