খেয়াল করুন এসব বিষয়
স্তনের একটা গোটা বড় বা ছোট হতে পারে। গোটাটি শক্ত বা নরম ধরনের হতে পারে। তাতে ব্যথা থাকতে পারে, না-ও থাকতে পারে। ব্যথা থাকলে খেয়াল করুন, মাসিক চক্রের সঙ্গে এই ব্যথার সম্পর্ক আছে কি না।
তবে কেবল চাকা বা গোটাই লক্ষণীয় বিষয় নয়। বরং চাকা বা গোটা অনুভব করলে স্তনের আকার-আকৃতি, স্তনের ত্বক ও স্তনবৃন্তও ভালোভাবে খেয়াল করুন। বগলে কোনো চাকা বা গোটা আছে কি না, তা–ও দেখুন। কোনো সমস্যা না থাকলেও যখন নিয়মমাফিক নিজের স্তন পরীক্ষা করা হয়, তখনো এসব বিষয় খেয়াল রাখতে হয়। স্তনে গোটা না থাকলেও বগলে গোটা থাকতে পারে।
কোনো রোগের উপসর্গ হিসেবে স্তনের ত্বক কুঁচকে যেতে পারে। স্তনবৃন্ত ভেতরের দিকে ঢুকে যেতে পারে। স্তনবৃন্ত থেকে অস্বাভাবিকভাবে কিছু নিঃসৃত হতে পারে। এমনকি সেখান থেকে আসতে পারে রক্তও।
ক্যানসার না হলেও গোটা হয়
-
স্তনের একটি গোটা হতে পারে একটি সাধারণ সিস্ট। সিস্ট হলো তরলে পূর্ণ ছোট্ট একখানা থলির মতো জিনিস।
-
ফাইব্রোঅ্যাডেনোমা বা সাধারণ টিউমারেও স্তনে গোটা অনুভব করেন রোগী।
-
ফাইব্রোসিস্টিক ডিজিজ হলো স্তনে বয়সজনিত একধরনের পরিবর্তন। এ ক্ষেত্রেও চাকাজাতীয় কিছু অনুভব করতে পারেন একজন নারী।
-
স্তনে সংক্রমণ হয়ে পুঁজ জমা হলে সেটিও একটা গোটার মতো মনে হতে পারে। এর নাম অ্যাবসেস।
-
স্তনে অতিরিক্ত পরিমাণ ক্যালসিয়াম জমা হলেও গোটা অনুভূত হতে পারে।


