সৌদি ফুটবলারের পাসপোর্ট চুরি, বিশ্বকাপ প্রস্তুতিতে ধাক্কা | চ্যানেল আই অনলাইন

সৌদি ফুটবলারের পাসপোর্ট চুরি, বিশ্বকাপ প্রস্তুতিতে ধাক্কা | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপ সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত সৌদি আরব দল। এমন গুরুত্বপূর্ণ সময়ে অনাকাঙ্ক্ষিত সমস্যায় পড়েছেন দলের ডিফেন্ডার সাউদ আব্দুলহামিদ। পাসপোর্ট হারানোর কারণে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে যেতে পারেননি এই ডিফেন্ডার

সৌদি আরব ফুটবল ফেডারেশন (এসএএফএফ) সোমবার বিবৃতিতে জানিয়েছে, নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে অবস্থানকালে আব্দুলহামিদের গাড়ি থেকে তার পাসপোর্ট ও আরও কিছু ব্যক্তিগত সামগ্রী চুরি হয়েছে।

২৬ বর্ষী এই তারকা ব্যক্তিগত কারণে পরিবারের সঙ্গে আমস্টারডামে ছিলেন। সেখানে নিজের বিয়ের অনুষ্ঠান শেষ করে পরিকল্পনা অনুযায়ী সোমবার সৌদি আরবে ফেরার কথা ছিল তার। কিন্তু নথিপত্র হারানোর ঘটনায় আপাতত ইউরোপেই আটকে যেতে হয়েছে তাকে।

এবারের মৌসুমের প্রায় পুরোটায় ইতালির ক্লাব রোমা থেকে ধারে ফরাসি ক্লাব লেন্সে খেলেন আব্দুলহামিদ। বিশ্বকাপের ৩০ সদস্যের প্রাথমিক দলে তাকে রেখেছেন সৌদি আরবের নতুন কোচ দনিস।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় চলা ৪৮ দলের বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে রয়েছে সৌদি আরব। তাদের প্রতিপক্ষ স্পেন, উরুগুয়ে ও কেপ ভার্দে। আগামী ১৬ জুন উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে গত আসরে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখানো সৌদি আরব।

Scroll to Top