
টাঙ্গাইল, ২০ মার্চ – সৌদি আরবের আল-খারিজ শহরের নিকটবর্তী আল-তোয়াইক এলাকায় মিসাইল হামলায় নিহত বাংলাদেশি কর্মী মোশারফ হোসেনের মরদেহ দেশে আনা হয়েছে।
শুক্রবার সকাল ১০টা ৪৮ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরে উপস্থিত হয়ে নিহতের মরদেহ গ্রহণ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন।
জানা যায়, গত ৮ মার্চ সৌদি আরবে কর্মরত অবস্থায় মিসাইলের আঘাতে প্রাণ হারান মোশাররফ হোসেন। তার পৈতৃক নিবাস টাঙ্গাইল জেলার সখিপুরে। জীবিকার সন্ধানে আট বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। দেশে তার বৃদ্ধ বাবা, মা, স্ত্রী এবং দুই সন্তান রয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর ফটকের সামনে মোশাররফ হোসেনের স্বজনদের আহাজারি করতে দেখা যায়।
নিহতের চাচা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, মৃত্যুর মাত্র ৩০ মিনিট আগেও মোশাররফের সঙ্গে তার স্ত্রীর কথা হয়েছিল। সন্তানদের ঈদের পোশাক কেনার জন্য টাকা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু দায়িত্ব পালনরত অবস্থায় আকস্মিক মিসাইল হামলায় তার মৃত্যু হয়। পরিবারের এই দুঃসময়ে তিনি সরকারের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন।
এনএন/ ২০ মার্চ ২০২৬




