
ছবি: সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে দেশটির গুরুত্বপূর্ণ একটি তেল স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
হুথিদের দাবির মধ্যেই শনিবার রিয়াদের কাছে সৌদি আরামকোর একটি স্থাপনা থেকে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। পরে সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায় দমকলকর্মীদের।
তবে আগুনের ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি সৌদি কর্তৃপক্ষ। আরামকোর কাছেও এ বিষয়ে জানতে চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এক প্রত্যক্ষদর্শী জানান, শনিবার রিয়াদে আরামকোর একটি স্থাপনার আশপাশে আগুন ও ধোঁয়ার বড় কুণ্ডুলি দেখা গেছে। তবে ওই আগুনের সঙ্গে হুথিদের দাবি করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
এর আগে গত সপ্তাহেও সৌদি আরবের ইয়ানবুতে আরামকোর একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছিল হুথিরা। ওই সময় সৌদি আরব জানায়, তায়েফ ও ইয়ানবুর দিকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে আরামকোর স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানায়নি দেশটি।
রিয়াদের কাছে নতুন করে হামলার দাবি এমন সময় এলো, যখন সৌদি আরব ও হুথিদের মধ্যে উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন শহর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদারের দাবি করেছে হুথিরা। অন্যদিকে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সৌদি আরবও সামরিক তৎপরতা বাড়িয়েছে।
২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির কয়েকটি অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রেখেছে হুথিরা। এর পরের বছর ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করে হুথিদের বিরুদ্ধে সামরিক জোটের নেতৃত্ব দিয়ে আসছে সৌদি আরব।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…


