সৌদি আরবের নিষেধাজ্ঞা, বন্ধ সব ধরনের ভিসা

প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সম্ভাব্য বিস্তার ঠেকাতে কেনিয়ার বিরুদ্ধে কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। দেশটির নাগরিকদের কেনিয়া ভ্রমণ সাময়িকভাবে নিষিদ্ধ করার পাশাপাশি কেনিয়া থেকে আগত যাত্রীদের সব ধরনের ভিসা প্রদান বন্ধ এবং সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এমনকি সৌদিতে প্রবেশের আগের ২১ দিনের মধ্যে কেনিয়া কিংবা ইবোলা সংক্রমণের ঝুঁকিতে থাকা অন্য কোনো দেশে অবস্থান করলেও এই নিষেধাজ্ঞার আওতায় পড়তে হবে সংশ্লিষ্ট ভ্রমণকারীদের।

সৌদি আরবের সব ধরনের ভিসা বন্ধ

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, ইবোলা ভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞার ফলে কেনিয়ার নাগরিকদের সৌদি আরবে প্রবেশের জন্য নতুন করে কোনো ধরনের ভিসা দেওয়া হবে না। একই সঙ্গে দেশটি থেকে আগত ভ্রমণকারীদের প্রবেশও বন্ধ থাকবে।

শুধু সরাসরি কেনিয়া থেকে আসা যাত্রীরাই নন, সৌদি আরবে পৌঁছানোর আগের ২১ দিনের মধ্যে কেনিয়া কিংবা ইবোলা উপদ্রুত অন্য কোনো দেশে অবস্থান করা ব্যক্তিরাও এই বিধিনিষেধের আওতায় পড়বেন।

ইবোলা সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় সৌদি আরবের এ ধরনের পদক্ষেপ নতুন নয়। ২০১৯ সালের জুলাইয়ে প্রথমবারের মতো ইবোলা প্রাদুর্ভাবের ঝুঁকিতে থাকা দেশগুলো থেকে আসা ভ্রমণকারীদের ওপর একই ধরনের বিধিনিষেধ আরোপ করেছিল দেশটি।

এর আগে ২০২৬ সালের জুনে ইবোলা নিয়ে উদ্বেগের কারণে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, উগান্ডা ও দক্ষিণ সুদানে নিজেদের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় সৌদি আরব। একই সঙ্গে ওই দেশগুলো থেকে সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।

সৌদি আরবের জনস্বাস্থ্যবিষয়ক কর্তৃপক্ষ ‘ওয়েগায়া’ জানিয়েছে, দেশটির সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি এখনো স্থিতিশীল রয়েছে।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, দেশের ভেতরে ও আন্তর্জাতিক পর্যায়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে মহামারির গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের পরিস্থিতির ওপরও নিবিড় নজর রাখা হচ্ছে।

Scroll to Top