সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার | চ্যানেল আই অনলাইন

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার | চ্যানেল আই অনলাইন

জিততে শেষ দুই ওভারে ৩৩ রান লাগতো দুর্বার একাদশের। ১৯তম ওভারে ধূমকেতু একাদশের পেসার শরিফুলের বলে তাণ্ডব চালান নুরুল হাসান সোহান। ৪ ছক্কা ও দৌড়ে দুই রান নিয়ে ২৬ রান আদায় করে জয়ের পথটা সহজ করে দেন তিনি। সমীকরণ শেষ ওভারে ৭ রান, ৪ রান বাকি থাকতে সোহান রানআউট হন। তবে হাসান মাহমুদ ওভারের তৃতীয় বলে চার মেরে দুর্বারের জয় নিশ্চিত করেন।

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি কাপের দ্বিতীয় ম্যাচে ধূমকেতু একাদশকে ২ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ। হারলেও অবশ্য আসরের ফাইনালে খেলা নিশ্চিত হয়েছে ধূমকেতুর। প্রথম ম্যাচে দুরন্ত একাদশের বিপক্ষে ২৩ বল হাতে রেখে জিতেছিল তারা। তাতে রানরেটে (০.৭৫৫) বেশ এগিয়ে লিটন দাসের দল। দুইয়ে থাকা দুর্বারের পয়েন্ট ০.২৫১। আর তিনে থাকা দুরন্ত’র পয়েন্ট মাইনাস ১.৮৮১। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে দুরন্তকে হারাতে পারলে ফাইনালে খেলবে দুর্বার। আর দুরন্তকে ফাইনালে খেলতে হলে দুর্বারকে হারাতে হবে বড় ব্যবধানে।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে ধুমকেতু। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৫৬ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে নেমে ৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে দুর্বার।

দুর্বারের হয়ে নুরুল হাসান সোহান ঝড় তোলেন। ৪টি চার ও ৬ ছক্কায় ৪৪ বলে ৭৬ রান করেন। বাকিদের মধ্যে সাইফউদ্দিন ১৩ বলে ১৯ রান করেন। এছাড়া হাবিবুর রহমান সোহান ৯ বলে ১৭, মাহমুদুল হাসান জয় ২০ বলে ১৩ এবং জাকের আলি অনিক ১২ বলে ১১ রান করেন।

ধূমকেতুর হয়ে শেখ মেহেদী ১১ রান খরচায় ৪ উইকেট নেন। নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাটে নেমে ধূমকেতুর হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন লিটন দাস। ৩৭ বলের ইনিংসে ছিল ৫টি চারের মার। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে শেখ মেহেদীর ব্যাট থেকে। ২ ছক্কায় ২৭ বলে ৩১ রান করেন তিনি। ২টি করে চার ও ছক্কায় ২০ বলে ২৮ রান করেন সাইফ হাসান। এছাড়া শামীম পাটোয়ারী ৮ বলে ১৭ এবং পারভেজ ইমন ১৫ বলে ১৩ রান করেন।

দুর্বার বোলারদের মধ্যে তানভীর ইসলাম ও হাসান মাহমুদ দুটি করে উইকেট নেন। আলিস আল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন নেন একটি করে উইকেট।

Scroll to Top