সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে মারধর: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার | চ্যানেল আই অনলাইন

সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে মারধর: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার | চ্যানেল আই অনলাইন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর মারধরের ঘটনায় পুলিশের চার সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

তিনি বলেন, গতকালের ঘটনায় জড়িত পুলিশ চার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, যারা অতিরিক্ত বলপ্রয়োগ করেছে, তাদের মধ্যে আরও দুই-তিনজনকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

গতকাল সোমবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে দুই মাল্টিমিডিয়া সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের মারধর করার অভিযোগ উঠে।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে শাহবাগ থানা ঘেরাও করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ডিসি মাসুদ আলমকে অপসারণ, হামলায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, ক্যাম্পাস ও শহরে অনাকাঙ্ক্ষিত পুলিশি কার্যক্রম বন্ধ এবং একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানান।

Scroll to Top