সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

আজ (১৬ মার্চ) সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে বিমানযোগে তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। এ সময় স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। বিমানবন্দর থেকে বিশেষ বুলেটপ্রুফ বাসে করে তিনি সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের উদ্দেশে রওনা দেবেন।

দিনাজপুরে একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মধ্য দিয়ে তিনি একযোগে দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির সূচনা করবেন। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় প্রায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী এ কর্মসূচির সূচনা করবেন। একই সঙ্গে ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলায় চলমান খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সফর শেষে আজ রাত সাড়ে ৯টার দিকে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

Scroll to Top