
ঢাকা, ১৬ জুলাই – বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
বৃহস্পতিবার সেনাসদরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বিদায়ী নৌবাহিনী প্রধানকে বিশেষ গার্ড অব অনার প্রদান করা হয়। অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দুই বাহিনীর প্রধানের মধ্যে বিদ্যমান পারস্পরিক আস্থা এবং পেশাদারত্বের সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আন্তঃবাহিনী সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার ওপর তারা গুরুত্বারোপ করেন। দেশের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী ও নৌবাহিনী দীর্ঘ সময় ধরে অত্যন্ত নিবিড়ভাবে সমন্বিত কাজ করে আসছে বলে আলোচনায় উঠে আসে।
অ্যাডমিরাল এম নাজমুল হাসান ২০২৩ সালের ২৪ জুলাই নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি ১৯৮৬ সালের ১ জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। তার দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স), সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), পরিচালক নৌ অপারেশন্স ও নৌ গোয়েন্দাসহ বিভিন্ন কমান্ড ও স্টাফ পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি প্রশিক্ষণ যুদ্ধজাহাজ বানৌজা ওমর ফারুকসহ মোট চারটি যুদ্ধজাহাজের অধিনায়ক ছিলেন।
এছাড়া তিনি বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট এবং নৌবাহিনীর স্পেশাল ফোর্স সোয়াডস কমান্ড করেন। তিনি চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকালে ভাসানচরে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের পুনর্বাসন প্রক্রিয়ায় বিশেষ অবদান রাখেন।
এনএন/ ১৬ জুলাই ২০২৬






