সেকেন্ড লিড থেকে সুপারস্টার, পূর্ণিমার সাথে আড্ডায় স্মৃতিমেদুর শাকিব | চ্যানেল আই অনলাইন

সেকেন্ড লিড থেকে সুপারস্টার, পূর্ণিমার সাথে আড্ডায় স্মৃতিমেদুর শাকিব | চ্যানেল আই অনলাইন

এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্রজুটি শাকিব খান ও পূর্ণিমা। দীর্ঘদিন পর আবারও একসঙ্গে ক্যামেরার সামনে এসে স্মৃতির ঝাঁপি খুললেন তারা। তবে এবার সিনেমার পর্দায় নয়, চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ দেখা গেল তাদের।

ইফতেখার মুনিমের প্রযোজনায় ‘চাঁদ তারার গুঞ্জরণ’ অনুষ্ঠানটি প্রচার হয় শুক্রবার (২৪ জুলাই) রাত ১০টায়, চ্যানেল আইয়ে। পরে এটি চ্যানেল আইয়ের ইউটিউবে প্রকাশিত হয়।

দুই তারকার প্রায় ৫০ মিনিটের এই আড্ডায় উঠে এসেছে তাদের সংগ্রামের দিন, তারকাখ্যাতির পেছনের গল্প এবং ব্যক্তিজীবনের নানা আবেগঘন মুহূর্ত।

অনুষ্ঠানে পূর্ণিমা জানতে চান, কোন নামে ডাকলে সবচেয়ে বেশি ভালো লাগে শাকিব খানের। উত্তরে ঢালিউড সুপারস্টার বলেন, মানুষ যে নামেই ডাকুক, সেটিই তার কাছে ভালো লাগে।

তিনি বলেন, “কেউ যদি বলে ‘আওয়ার মেগাস্টার শাকিব খান’, ভালো লাগে। কিং খান, সুপারস্টার—যে যে নামেই ডাকে, আমি এই মানুষগুলোর কাছে কৃতজ্ঞ হই। দেশ-বিদেশের বাঙালিরা যখন বলে ‘আমাদের হিরো, আমাদের শাকিব খান’, তখন মনে হয় এটাই সবচেয়ে বড় সম্মান। অনেক সময় একা বসে এসব ভাবলে অজান্তেই চোখে পানি চলে আসে।”

ক্যারিয়ারের শুরুতে সেকেন্ড লিড হিসেবে কাজ করতেন শাকিব খান ও পূর্ণিমা। আলাপচারিতায় শুরুর দিকের কঠিন সংগ্রামের কথাও উঠে আসে।

সেই সময়ের কোনো স্মৃতির কথা মনে আছে কিনা, পূর্ণিমার এমন প্রশ্নে শাকিব বলেন,“তখন আসলেই আমরা খুব স্ট্রাগল করে কাজ করতাম। খুব কষ্ট করে কাজ করতাম। এখন যারা নতুন, ইন্ডাস্ট্রিতে এসেই হয়তো অনেক কিছু পেয়ে যায়। কিন্তু সত্যিই আমরা অনেক কষ্ট করে পরিশ্রম করেই কাজ করেছি। মনে আছে সকালবেলা এফডিসিতে নাস্তা করে ইউনিটের বাসে করেই শুটিংয়ে চলে যেতাম।”

পূর্ণিমাও স্মরণ করেন তাদের একসঙ্গে অভিনীত ‘শিকারী’ ছবির শুটিংয়ের অভিজ্ঞতা। তিনি বলেন, পুরো ইউনিট বাসে করেই ঢাকা থেকে কক্সবাজার গিয়েছিল। পথে কুমিল্লায় নেমে সাধারণ মানুষের মতো খাবার খেয়েছেন, আড্ডা দিয়েছেন। এরপর মজা করেই তিনি শাকিবকে প্রশ্ন করেন, সেই দিনগুলো কি এখনও মনে পড়ে?

হেসে শাকিবের জবাব, “খুব, খুব মিস করি।”

এরপর ‘শিকারী’ নামের আরেকটি ছবিকে ঘিরে মজার একটি স্মৃতিও শোনান তিনি। শাকিব বলেন, পরে একই নামে আরেকটি সিনেমার প্রস্তাব পেয়ে তিনি নির্মাতাদের বলেছিলেন, “এই নামে তো আমার একটা সিনেমা আছে, পূর্ণিমার সঙ্গে।” তখন নির্মাতারা ছবিটি দেখতে চাইলে তিনি মজা করে বলেন, “ওই ‘শিকারী’-তে আমি সেকেন্ড লিড ছিলাম, অসুবিধা নেই।”

Scroll to Top