অভিনয়ে প্রথম ধাপ
ক্রিশ্চিয়ান বেলের জন্ম ১৯৭৪ সালের ৩০ জানুয়ারি, ওয়েলসে। ক্রিশ্চিয়ান বেলের বাবা ছিলেন পাইলট, মা নৃত্যশিল্পী। অভিনেতা মনে করেন তাঁর জীবনে বাবার প্রভাব অনেক বেশি।
‘শৈশবে আমাকে অনেক জায়গায় ঘুরে ঘুরে থাকতে হয়েছে। নতুন শহর, নতুন পরিবেশে খুব দ্রুত নিজেকে মানিয়ে নিতে হতো। তখন থেকেই অন্যের জায়গায় নিজেকে কল্পনা করার একটা আনন্দ তৈরি হয়। এখনো করি। এই মুহূর্তেও ভাবছি, সাংবাদিক হলে কেমন হতো। এটা আমি থামাতে পারি না। এই কৌতূহলই আমাকে এগিয়ে রাখে। বাবার জীবনদর্শন আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। তিনি ছিলেন ভীষণ সৃজনশীল, একদম প্রচলিত ধারার মানুষ নন। তাঁর কাছ থেকেই আমি এই পথের প্রস্তুতি পেয়েছি। তিনি বলতেন, “একঘেয়ে হওয়া পাপ। ভুল হলেও সমস্যা নেই, অন্তত ভিন্ন কিছু করার চেষ্টা করছ।” এই মানসিকতা আমার বড় অনুপ্রেরণা।’



