
সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে জয় তুলেছে বাংলাদেশ। সুপার সাব ইব্রাহিমের গোলে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি নামার মিনিট দুয়েক পরেই শমিত সোমের অ্যাসিস্টে গোল পান এ তারকা। পুরোটা সময় বাংলাদেশ আধিপত্য রাখলেও গোল পেতে অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে।
ম্যাচের শুরুতে বেশ খানিকটা চমক দেখিয়েছে বাংলাদেশ। প্রথমে শুরুর একাদশে তপু বর্মণকে অধিনায়ক করে নাম ঘোষণা করা হলেও মাঠে অধিনায়কের আর্মাব্যান্ড পরে নামতে দেখা গেছে জামাল ভূঁইয়াকে। তপুকে মাঠেই দেখা যায়নি। আর নাম্বার নাইন পজিশনে খেলছেন বিশ্বনাথ ঘোষ।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে খেলার ম্যাচের শুরুতে আক্রমণ করে বাংলাদেশ, রাইট উইং দিয়ে আক্রমণ করেন ফরোয়ার্ড রাকিব হোসেন। পরে জিদান ইউসুফ একটি সুযোগ পান। ১৩ মিনিটে সাদ উদ্দিনের ক্রসে ভালো হেড করেন শমিত সোম, যদিও ভুটান গোলরক্ষক বল ঠেকিয়ে দেন। ১৭ মিনিটে লেফট উইং থেকে রাকিবের ক্রস থেকে তখনকার সবচেয়ে ভালো সুযোগটি গোলবারের বাইরে হেড করেন বিশ্বনাথ ঘোষ।
২৫ মিনিটে আরও একটি সুযোগ পান বিশ্বনাথ, জামালের ক্রসে দেয়া বল আবারও বাইরে মারেন তিনি। প্রায় ৩০ মিনিট পর আক্রমণের সুযোগ পায় ভুটান, যদিও রুখে দেন তারিক কাজী। ৩৫ মিনিটে কর্নার পায় ভুটান, সেখান থেকে পাওয়া বল উড়িয়ে মারেন নিমা ওয়াংডি। ৩৯ মিনিটে প্রথম অন টার্গেট শট নেয় ভুটান, শ্রাবণ বল নিজের নিয়ন্ত্রণে নেয়। ফিরতি আক্রমণে আবারও গোলবারের বাইরে মারেন বিশ্বনাথ।
৪২ মিনিটে বিশ্বনাথ এবার সুযোগ তৈরি করে দেন ফয়সাল আহমেদ ফাহিমকে। তবে তিনি শট নিতে পারেননি, ফাউল আদায় করে নেন। সেই ফাউল শমিত সোম হেড করলেও বারের বাইরে দিয়ে বেরিয়ে যায়। দুদল বিরতিতে যায় গোলশূন্য ব্যবধান রেখে।
বিরতিতে পর ফয়সাল আহমেদ ফাহিমের বদলি হিসেবে থমাস ডুলি নামান ফাহমিদুল ইসলামকে। ৫৫ মিনিটে ফাউল পায় বাংলাদেশ, কাউন্টার অ্যাটাকে চেনচো গেইলশেনকে কোনোভাবে আটকে দেন জায়ান আহমেদ। ৬১ মিনিটে কর্নার আদায় করে নেয় ভুটান। তবে বিপদ ঘটাতে পারেনি। ৬৫ মিনিটে ফাহমিদুল লেফট উইং থেকে শট নিলেও বারের বাইরে দিয়ে যায়।
৬৮ মিনিটে গোল পায় বাংলাদেশ। জায়ান আহমেদের লং বলে ডি বক্সের মধ্যে জটলায় শমিতের হেডে বল পান ইব্রাহিম। বাঁ পায়ের শটে গোল করেন এ ফরোয়ার্ড, ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৭৬ মিনিটে রাকিবের আরেকটি বল বারের বাইরে যায়। এরপর বাংলাদেশ খেলার গতি কিছুটা কমিয়ে দেয়। শেষ পর্যন্ত বাংলাদেশ ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

