ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সালভিত্তিক অফিসার (সাধারণ) পদে ২ হাজার ৭৭৫ জন নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠেয় প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। লিখিত পরীক্ষার নতুন সিলেবাসে গণিতের চেয়ে সাধারণ জ্ঞানে বেশি নম্বর রাখা হয়েছে। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীরা।
বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে ১০টি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের লিখিত পরীক্ষার ২০০ নম্বরের সিলেবাস প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ইংরেজি ফোকাস রাইটিংয়ে ৩৫, বাংলা ফোকাস রাইটিংয়ে ৩০, সাধারণ জ্ঞানে ৩০, গণিতে (এসএসসি পর্যায়ের) ২৫, ইংরেজি কমপ্রিহেনশনে ২০, বাংলা থেকে ইংরেজি অনুবাদে ২০, ইংরেজি থেকে বাংলা অনুবাদে ২০ এবং ইংরেজি সারসংক্ষেপে ২০।



