ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের টেস্টে বৃষ্টির বাগড়া ছিল বেশ কয়েকবার। চতুর্থ দিনে এক সেশন পুরোটাই ভেসে যায় বৃষ্টিতে। ম্যাচের শেষদিনে দারুণ বোলিংয়ে সফরকারীদের ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ। সিলেটে শেষ টেস্ট শুরুর আগেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি। দেখে নেয়া যাক ম্যাচের আগে কী বলছে আবহাওয়া বার্তা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার ডাচ-বাংলা ব্যাংক সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল।
ম্যাচের আগে আবহাওয়ার পূর্বাভাসে দুঃসংবাদই মিলছে। টেস্টের প্রথমদিনেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ৮৯ শতাংশ। মেঘ ঢেকে থাকবে ৯৫ শতাংশ। ১১.৭ মিলিমিটার বৃষ্টি হতে পারে। দিনের শেষ ভাগে প্রতিকূল আবহাওয়ার প্রভাব পড়তে পারে।
দ্বিতীয় দিনে বৃষ্টির সম্ভাবনা কমে আসবে। বৃষ্টিপাতের সম্ভাবনা ৭৯ শতাংশ, মেঘের আচ্ছাদন থাকবে ৮১ শতাংশ। বৃষ্টি হতে পারে ৮.৭ মিলিমিটার। পরেরদিন বৃষ্টিপাতের সম্ভাবনা কমে ৬০ শতাংশে নামবে। তবে চতুর্থ দিন ৯৮ শতাংশ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস জানাচ্ছে, বিশেষ করে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা ৯৬ শতাংশ। বজ্রপাতের সম্ভাবনা ৭২ শতাংশ। মেঘের আচ্ছাদন থাকবে ৮৭ শতাংশ, বৃষ্টি হতে পারে ৩১.৫ মিলিমিটার।
শেষদিনে দেখা মিলবে সূর্যের। এদিন বৃষ্টিপাতের সম্ভাবনা মাত্র ১৯ শতাংশ। মানে পঞ্চম দিনের খেলা হতে পারে কোনধরনের বৃষ্টিবাধা ছাড়াই।





