
সিরাজগঞ্জ, ১৪ ফেব্রুয়ারি – সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে নির্বাচনে অংশ নেওয়া ৩৯ জন প্রার্থীর মধ্যে পাঁচটি আসনে বিএনপি এবং একটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী জয়লাভ করেছেন। এই ছয় আসনে বিজয়ী ও তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাড়া বাকি ২৭ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। ফলাফল বিশ্লেষণে দেখা যায় সিরাজগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৬ হাজার ৬১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত শাহিনুর আলম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮ হাজার ৮১৫ ভোট পেয়েছেন।
এই আসনে জাতীয় পার্টির জহুরুল ইসলাম, গণঅধিকার পরিষদের মল্লিকা খাতুন, নাগরিক ঐক্যের নাজমুস সাকিব ও স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর জামানত হারিয়েছেন। সিরাজগঞ্জ ২ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ১ লাখ ৭৭ হাজার ৫৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মুহাম্মদ জাহিদুল ইসলাম ১ লাখ ৩৮ হাজার ৭৯৭ ভোট পান এবং বাকি পাঁচজন প্রার্থীই জামানত হারান। সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপির আয়নুল হক ১ লাখ ৭৩ হাজার ৫১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মুহা: আব্দুর রউফ সরকার ১ লাখ ১৫ হাজার ৮৩৩ ভোট পান। এই আসনে জাতীয় পার্টির ফজলুল হক ও স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ রেজা রবিন জামানত হারিয়েছেন। সিরাজগঞ্জ ৪ আসনে জামায়াতের রফিকুল ইসলাম খান ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম আকবর আলী ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট পান। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টিসহ তিনজন প্রার্থী জামানত হারিয়েছেন।
সিরাজগঞ্জ ৫ আসনে বিএনপির আমিরুল ইসলাম খান আলিম ১ লাখ ৩৪ হাজার ৯৮৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আলী আলম ১ লাখ ৬ হাজার ৮০৫ ভোট পান এবং এই আসনে চারজন প্রার্থী জামানত হারিয়েছেন। সিরাজগঞ্জ ৬ আসনে বিএনপির এম এ মুহিত ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের এম এম সাইফ মোস্তাফিজ ১ লাখ ৩ হাজার ৮২৪ ভোট পান এবং এই আসনে সর্বোচ্চ ৯ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার মোহাম্মদ মশিউর রহমান জানান যে সংসদীয় আসনের মোট বৈধ ভোটের ৮ দশমিক ১ ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত বলে গণ্য হয় এবং সেই হিসেবেই ২৭ জন প্রার্থী জামানত হারিয়েছেন।
এ এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬





