
সিরাজগঞ্জ, ২০ ফেব্রুয়ারি – সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চল থেকে ঢাকায় পাচারের সময় ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার সকালে যমুনা নদীর মেঘাই ঘাট এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাংস জব্দ করা হয়।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে দুই ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ভাঙ্গা গ্রামের আরজউল্লার ছেলে ৩৫ বছর বয়সী কাউসার আলী পলাশ এবং একই এলাকার জয়নাল আবেদিনের ছেলে ৪৫ বছর বয়সী শরিফুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেছে। জরিমানা অনাদায়ে তাদের আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার চরাঞ্চলে গোপনে আটটি ঘোড়া জবাই করে সেই মাংস বিক্রির উদ্দেশ্যে পিকআপভ্যানে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে পরিবহনের সময় দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক সাজা দেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত মাংস জনসম্মুখে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে। অভিযান পরিচালনার সময় কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল আহাদ, স্থানীয় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ এবং কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬





