
কলকাতা, ২৫ মার্চ – ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা শেষ করে অভিনয়ের জগতে পা রেখেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
ছোট পর্দা ও বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করার পর এবার বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হলো তার। এবারের ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা রাক্ষস। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ।
সম্প্রতি গণমাধ্যমের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে নতুন এই যাত্রা এবং সিনেমাটি নিয়ে খোলামেলা কথা বলেছেন সুস্মিতা। বাংলাদেশের সিনেমায় প্রথমবার কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে সুস্মিতা জানান যে রাক্ষস তার অভিনীত প্রথম বাংলাদেশি সিনেমা এবং এখানে কাজ করার অভিজ্ঞতা তার জন্য অসাধারণ ছিল। প্রোডাকশন টিমের সদস্য শাহরিন ও আজিমের পাশাপাশি সহশিল্পী সিয়াম আহমেদ এবং পরিচালক মেহেদি হাসান হৃদয়ের সঙ্গে কাজ করে তিনি অত্যন্ত আনন্দিত।
বিশেষ করে এ দেশের মানুষের আন্তরিকতা ও আতিথেয়তা তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। সিনেমাটিতে যুক্ত হওয়ার কারণ হিসেবে তিনি জানান যে এর গল্পটি তার খুব পছন্দ হয়েছিল। পাশাপাশি একজন জনপ্রিয় পরিচালক এবং সিয়াম আহমেদের মতো দক্ষ অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ তিনি হাতছাড়া করতে চাননি। রাক্ষস সিনেমায় তার চরিত্রটি নিয়ে সুস্মিতা বেশ আশাবাদী।
তিনি জানান যে চরিত্রটি তার কাছে খুবই বিশেষ এবং এতে অভিনয়ের অনেক সুযোগ রয়েছে। চরিত্রটিতে বেশ কয়েকটি আলাদা মাত্রা বা শেড রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে দর্শকদের জন্য চমক হিসেবে চরিত্রটির বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করতে চাননি তিনি। পর্দায় নিজেকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য এই চরিত্রের জন্য তাকে আলাদাভাবে প্রস্তুতি নিতে হয়েছে। সহশিল্পী সিয়াম আহমেদের প্রশংসা করে সুস্মিতা বলেন যে সিয়াম খুবই ভালো মনের মানুষ এবং অত্যন্ত সহযোগী একজন অভিনেতা।
কাজের ফাঁকে তারা খুব ভালো বন্ধু হয়ে উঠেছেন এবং মিলেমিশে দারুণভাবে শুটিং শেষ করেছেন। সিনেমাটির শুটিং ঢাকা এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছে। শুটিংয়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান যে বাংলাদেশের খাবার বিশেষ করে কাচ্চি বিরিয়ানি তার ভীষণ প্রিয় হয়ে উঠেছে।
এর আগে কলকাতার সুপারস্টার জিৎ এর সঙ্গে ঈদে চেঙ্গিজ সিনেমা মুক্তি পেলেও বাংলাদেশে এটিই তার প্রথম ঈদের সিনেমা। এমন একটি উৎসবমুখর সময়ে সিনেমাটি মুক্তি পাওয়ায় তিনি নিজেকে অত্যন্ত ভাগ্যবতী মনে করছেন।
বাংলাদেশের দর্শকদের সিনেমা হলে গিয়ে রাক্ষস দেখার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী। একইসঙ্গে ভবিষ্যতে বাংলাদেশের চলচ্চিত্রে আরও বেশি কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
এ এম/ ২৫ মার্চ ২০২৬





