সিঙ্গাপুরকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

সিঙ্গাপুরকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

প্রথমবারের মতো এশিয়ান গেমসের মেয়েদের হকি ইভেন্টের বাছাই খেলতে গেছে বাংলাদেশ নারী হকি দল। আর অংশ নিয়েই রূপকথার গল্প লিখে চলেছেন রিয়া-অর্পিতারা। সেমিফাইনালে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে লাল-সবুজের দল।

ইন্দোনেশিয়ার জাকার্তায় মঙ্গলবার প্রথম সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। চারবার এশিয়ান গেমসে খেলা সিঙ্গাপুরকে চতুর্থ ও শেষ কোয়ার্টারে চেপে ধরে দুই গোল তুলে নিয়ে জিতে যায় দল। হ্যাটট্রিক গোল করেছেন আইরিন রিয়া।

শুরু থেকেই ভালো খেলে বাংলাদেশ। রিয়ার হিটে এগিয়ে যায় ৮ মিনিটেই। যদিও প্রথম কোয়ার্টারের ১২ মিনিটেই সমতা ফেরান সিঙ্গাপুরের চিয়া চেরিল। তবে দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে গোলের দেখা পায়নি কোনো দলই।

চতুর্থ কোয়ার্টারে গোলের জন্য তাই দুদলই মরিয়া হয়ে ওঠে। নির্ধারিত সময়ে চার মিনিট বাকি থাকতে কাঙ্ক্ষিত মুহূর্তের দেখা পায় বাংলাদেশ। সার্কেলের ভেতরে ঢুকে জোরাল হিটে গোল করেন রিয়া। ৫৮ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এই তারকা। বাকি সময় আর গোল করতে পারেনি সিঙ্গাপুর।

Scroll to Top