
ঢাকা, ০৫ অক্টোবর-চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ঢাকাইয়া চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
আদালতে ডনের পক্ষে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট মফিজুল ইসলাম আসলাম। শুনানি শেষে বিচারক আবেদনটি খারিজ করে দেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করে। পরে ২৭ আগস্ট আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৯ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন। এর মধ্যে একাধিকবার জামিনের আবেদন করা হলেও তা মঞ্জুর হয়নি।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে এজাহারভুক্ত অন্যান্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেন।
এস এম/ ০৫ অক্টোবর ২০২৬



