
টেকনাফ, ১৬ মার্চ – আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
একই সঙ্গে দেশের সব কয়টি বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার সকাল ৯টা থেকে শুরু হওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া বার্তায় এসব তথ্য তুলে ধরা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এর পাশাপাশি বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে, যা ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে এ সময়ের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে।
এ এম/ ১৬ মার্চ ২০২৬




