সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি – DesheBideshe

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি – DesheBideshe


সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি – DesheBideshe

ঢাকা, ১৬ জুন – সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়। একই দিনে বেনজীর আহমেদ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহের লক্ষ্যে দুদকের কার্যালয় পরিদর্শন করেছে ইন্টারপোলের স্থানীয় সমন্বয় সংস্থা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। সংস্থাটির দুই সদস্যের একটি বিশেষ দল দুপুরে দুদক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

গত ১২ জুন দুবাইয়ে গ্রেফতার হওয়ার পর বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া গতিশীল করতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছে দুদক। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং এবং পাসপোর্ট জালিয়াতিসহ মোট ছয়টি দুর্নীতির মামলা রয়েছে। ইতিমধ্যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

দুদকের তদন্তে উঠে এসেছে যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর ও বান্দরবানসহ দেশের বিভিন্ন এলাকায় বেনজীর ও তার পরিবারের নামে প্রায় ৩৪৫ বিঘা জমি ও বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। এছাড়া দুবাইয়ে অবস্থিত তার একটি ফ্ল্যাটও ইতিমধ্যে জব্দ করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১০ এপ্রিল বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল।

এনএন/ ১৬ জুন ২০২৬



Scroll to Top