
ঢাকা, ২৪ মার্চ – সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে পাকিস্তানকে অনেকটাই অতিথি দলের মতোই দেখা যায়। অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ পর্যায়ে তারা এবার নিয়ে মাত্র দ্বিতীয়বার খেলছে। ২০২৩ সালের পর আবার মালদ্বীপে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে তারা। গতকাল শুরু হওয়া এই টুর্নামেন্টে আজ বাংলাদেশের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ সেই পাকিস্তান। মালেতে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৫টায় ম্যাচটি শুরু হবে।
অন্যদিকে বাংলাদেশ এ ধরনের প্রতিযোগিতায় নিয়মিত অংশ নেয়। ২০১৫ সালে প্রথম খেলেই তারা সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল। এরপর অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ পর্যায়ে মোট সাতবার খেলেছে দলটি। এর মধ্যে একবার চ্যাম্পিয়ন হয়েছে—২০২৪ সালে। বাকি ছয়বারের মধ্যে চারবারই রানার্সআপ হয়েছে।
এবার সাত দলের এই প্রতিযোগিতায় শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মালদ্বীপ গেছে বাংলাদেশ দল। এই শিরোপা ধরে রাখাই কোচ মার্ক কক্সের শিষ্যদের বড় চ্যালেঞ্জ। প্রথম ম্যাচের পর ২৮ মার্চ গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে সাতবার অংশ নিয়ে ভারত চারবারই চ্যাম্পিয়ন হয়েছে।
দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে মোট চারটি দল সেমিফাইনালে উঠবে। ৩ এপ্রিল হবে টুর্নামেন্টের ফাইনাল। গ্রুপ পর্বের দুই ম্যাচের মধ্যে বাংলাদেশের আসল পরীক্ষা ধরা হচ্ছে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে। তবে তার আগে পাকিস্তানকে হারিয়ে ৩ পয়েন্ট পেলে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে দলটি।
ফরোয়ার্ড মোরশেদ আলীও একই কথা বলেছেন, “আমাদের প্রস্তুতি ভালো। দলে কোনো চোট নেই। প্রথম ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রতিপক্ষ পাকিস্তান। সবার মধ্যে একটা জেদ কাজ করছে। আমরা অবশ্যই এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই।”
বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলেও এবার কিছু ভিন্নতা আছে। যুক্তরাষ্ট্রে থাকা দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভান কেমন খেলেন, সেদিকে নজর থাকবে সমর্থকদের। একই সঙ্গে ইংল্যান্ডপ্রবাসী ইব্রাহিম নেওয়াজও আছেন দারুণ ফর্মে।
এনএন/ ২৪ মার্চ ২০২৬





