ভারত, গোয়া থেকে: মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে নেমেছে বাংলাদেশ। প্রথম মিনিটেই ইতিহাস গড়েছেন মিডফিল্ডার আনিকা রানিয়া সিদ্দিকী। তার গোল এসেছে মাত্র ১১ সেকেন্ডে।
সাফ ফুটবলের ইতিহাসে আগে এত দ্রুততর গোল পায়নি কোন দল। সাফে অংশগ্রহণ করা অন্যকোন দল বা বাংলাদেশের ছেলেদের দলেরও এত দ্রুত গোলের রেকর্ড নেই।
বাংলাদেশ দলে অভিষেক হওয়ার পর এটি আনিকার প্রথম গোল। আগে প্রস্তুতি বা অন্য ম্যাচে গোল করলেও সাফ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গোলের শুরু করলেন লাল-সবুজের মিডফিল্ডার।
আনিকার গোলের পর বাঁ-পাশ থেকে একাধিক আক্রমণ করেন ঋতুপর্ণা চাকমা, সেখান থেকে গোল আদায় করতে পারেননি যদিও। ৩৪ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোল আদায় করে নেয় বাংলাদেশ। গোল করেন উমেলা মারমা, ২-০তে এগিয়ে যায় লাল-সবুজের দল।
ম্যাচের ৪৩ মিনিটে আসরে প্রথম গোলের দেখা পায় মালদ্বীপ। ফরোয়ার্ড মারিয়াম নূরান করেন গোল, ২-১ ব্যবধান দাঁড়ায় প্রথমার্ধের ফলাফল। দারুণ লড়ে বিরতিতে গেছে দুদল।




