আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলেছে, ধর্ম অবমাননার অভিযোগ তুলে প্রকাশ্যে গণপিটুনি এবং পুলিশ উদ্ধার করার পর হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনা আইনের শাসন ও নাগরিকের জানমালের ওপর মারাত্মক আঘাত। হাসপাতাল যদি একজন আহত মানুষের জন্যও নিরাপদ না হয়, তবে সাধারণ নাগরিকের নিরাপত্তা কোথায়—এই জবাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিতে হবে।
এনসিপি আরও বলেছে, অভিযোগ সত্য হোক বা মিথ্যা, আইন নিজের হাতে তুলে নিয়ে বিচার করার অধিকার কারও নেই। নিহত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে, সেটিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অডিওর সত্যতা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা প্রয়োজন। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার, হাসপাতালের নিরাপত্তা ব্যর্থতার জবাবদিহি এবং নিহত ব্যক্তির পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাসহ চার দফা দাবি জানিয়েছে দলটি।

