পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে ব্যাডমিন্টন সাউথ এশিয়া রিজিওনাল চ্যাম্পিয়নশিপের আসর। এ আসরে ছেলেদের দ্বৈতে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের সিফাত উল্লাহ গালিব ও নাজমুল ইসলাম জয়। বাংলাদেশি শাটলারদের এ সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
আমিনুল হক অভিনন্দন বার্তায় বলেছেন, আন্তর্জাতিক এই আসরে বাংলাদেশের তরুণ শাটলারদের এমন অর্জন দেশের জন্য অত্যন্ত গৌরবের। ফাইনালে নেপালের শক্তিশালী জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ায় গালিব ও জয়ের অদম্য স্পৃহার ভূয়সী প্রশংসা করেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের অংশগ্রহণে লিয়াকত জিমনেসিয়াম হলে অনুষ্ঠিত এই আসরে বাংলাদেশ দলের নৈপুণ্য ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে গালিব ও জয়ের ২–১ সেটের এই জয় তাদের কঠোর পরিশ্রম ও কারিগরি শ্রেষ্ঠত্বেরই প্রমাণ।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, এই বিজয়ী জুটি ভবিষ্যতে বাংলাদেশকে আরও অনেক আন্তর্জাতিক সাফল্য উপহার দেবে। তিনি খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।


